GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / পুতিনের সফরের আগে ভারতের বিমানবন্দরে অবতরণ করল ৩টি রুশ সামরিক যুদ্ধবিমান

পুতিনের সফরের আগে ভারতের বিমানবন্দরে অবতরণ করল ৩টি রুশ সামরিক যুদ্ধবিমান

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য আসন্ন ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের মাটিতে রাশিয়ার তিনটি সামরিক যুদ্ধবিমান অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানগুলো দিল্লির অদূরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

অবতরণ করা এই তিন সামরিক যানের মধ্যে একটি বৃহৎ ‘আইএল-৭৬’ (Il-76) সামরিক পরিবহন বিমানও রয়েছে।

ধারণা করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা কর্মকর্তা ও উচ্চপর্যায়ের অগ্রবর্তী একটি প্রতিনিধি দলকে নিয়ে বিমানগুলো ভারতে পৌঁছায়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার পর্যন্ত বিমান তিনটি নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছিল এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো রুশ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে পুরো এলাকার সার্বিক নিরাপত্তা তদারকি করছে।

উল্লেখ্য, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি সামরিক বিমান অবতরণ করল।

সাধারণত ভারতে আসা বিদেশি রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের সামরিক বিমানগুলোর ক্ষেত্রে দিল্লির প্রধান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহৃত হয়ে থাকে।

তবে নজিরবিহীনভাবে নয়ডায় সামরিক বিমান অবতরণের পর গুঞ্জন ছড়িয়েছে যে, প্রেসিডেন্ট পুতিনের বিশেষ ভিভিআইপি বিমানটিও ইন্দিরা গান্ধী বিমানবন্দরের বদলে নয়ডাতেই নামতে পারে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ঐতিহাসিক ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অন্যান্য বৈশ্বিক নেতাদের সাথে ভ্লাদিমির পুতিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য উচ্চপর্যায়ের এই ভিভিআইপি সফরকে ঘিরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Social Icons