ফরিদপুরের মধুখালীতে ধানক্ষেতের পাশ থেকে তিনটি কার্টনে ভরা অজ্ঞাতনামা এক পুরুষের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে, লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি কার্টন দেখতে পান স্থানীয় পথচারীরা।
কার্টনগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের উপস্থিতিতে কার্টনগুলোর মুখ খুললে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
