GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / ফেলে দেওয়া গ্রিন টি ব্যাগ দিয়ে রূপচর্চা

ফেলে দেওয়া গ্রিন টি ব্যাগ দিয়ে রূপচর্চা

স্বাস্থ্যসচেতন মানুষের কাছে গ্রিন টি বেশ পরিচিত। তবে গ্রিন টি পান করার পর ব্যবহৃত টি-ব্যাগটি ফেলে না দিয়ে রূপচর্চা ও ব্যক্তিগত যত্নে ব্যবহার করা যায়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বক, চুল ও চোখের যত্নে কাজে লাগতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ব্যবহৃত গ্রিন টি ব্যাগের কয়েকটি ব্যবহার।

গ্রিন টি টোনার: ব্যবহৃত গ্রিন টি ব্যাগ হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পানি ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখতে পারেন। এটি প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করা যায় এবং ত্বকের পোরস বা লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে।

ব্রণের সমস্যা: ব্যবহৃত টি-ব্যাগ ছিঁড়ে চা পাতা বের করে পানির সঙ্গে মিশিয়ে ব্রণের ওপর ১০ মিনিট লাগিয়ে রাখা যায়। এতে ব্রণের ফোলা ও লালচে ভাব কমতে পারে। চাইলে চা পাতাগুলো বেটে বা ব্লেন্ড করেও ব্যবহার করা যায়।

অ্যান্টি-এজিং ফেসপ্যাক: ব্যবহৃত চা পাতার সঙ্গে সামান্য টকদই ও হলুদ গুঁড়া মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। নিয়মিত ব্যবহারে ত্বকের কুঁচকানো ভাব কমাতে এবং ত্বকের জেল্লা বাড়াতে এটি সহায়ক হতে পারে।

চোখের ফোলাভাব কমাতে: ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর দুটি টি-ব্যাগ চোখের ওপর ১০ থেকে ১৫ মিনিট রাখলে চোখের ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে।

ডার্ক সার্কেল: ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখের ওপর নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল কমাতে সহায়তা করতে পারে।

ত্বকের মৃত কোষ দূর করতে: ব্যবহৃত গ্রিন টি পাতা শুকিয়ে এর সঙ্গে সামান্য চিনি ও অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়। এটি কনুই, হাঁটু বা মুখে ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ হতে পারে।

গোলাপি ঠোঁট পেতে: গ্রিন টি ও সামান্য মধু দিয়ে স্ক্রাব তৈরি করে ঠোঁটে হালকাভাবে ম্যাসাজ করা যায়। এরপর পানি দিয়ে ধুয়ে লিপবাম ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের শুষ্কতা ও ফাটা ভাব কমতে পারে।

চুল পড়া রোধ ও হেয়ার কন্ডিশনিং: ৪ থেকে ৫টি ব্যবহৃত গ্রিন টি ব্যাগ গরম পানিতে ফুটিয়ে লিকার তৈরি করুন। পানি ঠান্ডা হলে শ্যাম্পু করার পর চুলে ঢেলে ৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে চুলের গোড়া শক্ত করা, খুশকি কমানো ও চুলকে মসৃণ করতে সহায়তা করতে পারে।

পায়ের দুর্গন্ধ দূর করতে: হালকা গরম পানিতে ৩ থেকে ৪টি ব্যবহৃত গ্রিন টি ব্যাগের পাতা দিয়ে ওই পানিতে ২০ মিনিট পা ডুবিয়ে রাখা যায়। এতে পায়ের ক্লান্তি ও দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পারে।

সতর্কতা: যেকোনো প্যাক বা স্ক্রাব মুখে ব্যবহারের আগে অবশ্যই হাতের ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।

Social Icons