দেশ ভালো নেই মন্তব্য করে জাতির প্রয়োজনে সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।
সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদের ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে বলেও জানান জামায়াত আমীর। তিনি বলেন, জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা।
তিনি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জামায়াত আমীর বলেন, জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চান না তারা। একসময় সরকার জনগণের দাবি বিবেচনায় নিয়ে তা মেনে নিতে বাধ্য হবে।

