GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / কবে মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’, জানালেন অভিনেতা নিজেই

কবে মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’, জানালেন অভিনেতা নিজেই

‘কিং’ সিনেমা নিয়ে শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যেই অভিনেতা জানিয়েছেন, ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই সঙ্গে ছবির কাজও প্রায় শেষ বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক ভক্ত তিন বছর ধরে প্রেক্ষাগৃহে তার নতুন সিনেমা দেখার অপেক্ষার কথা জানিয়ে ‘কিং’-এর অন্তত একটি ঝলক প্রকাশের অনুরোধ করেন।

জবাবে শাহরুখ জানান, এবার আর দর্শকদের বেশি অপেক্ষা করাবেন না। দর্শকদের মন ভরানোর মতো একটি সিনেমা তৈরি করছেন তিনি। ২৪ ডিসেম্বরের আগেই ছবির সবকিছু সামনে আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

তবে ‘কিং’-এর নির্মাণযাত্রা একেবারে মসৃণ ছিল না। শুটিংয়ের সময় একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ, যার কারণে কয়েক দফা কাজ বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে তার সব চোট সেরে গেছে এবং সিনেমাটির কাজ প্রায় শেষের পথে।

ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন শাহরুখ। দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে সিনেমাটি তৈরিতে অনেক পরিশ্রম করা হয়েছে বলে জানান তিনি। মারপিটের দৃশ্য, গান ও তারকাদের উপস্থিতির পাশাপাশি নিজের চুল নিয়েও মজা করেছেন অভিনেতা।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশন অবতারে পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ

‘কিং’-এ শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তার মেয়ে সুহানা খান। এছাড়া সিনেমাটিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনকেও

তবে ‘কিং’-এর গল্প নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে সিনেমাটির ঝলক প্রকাশের আগেই শাহরুখের মুক্তির তারিখ নিশ্চিত করার ঘোষণায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

Social Icons