GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সোশ্যাল মিডিয়া / ফেসবুক পেজের লাইক-ফলোয়ার বাড়াতে বিজ্ঞাপনে নতুন পদ্ধতি

ফেসবুক পেজের লাইক-ফলোয়ার বাড়াতে বিজ্ঞাপনে নতুন পদ্ধতি

ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার পুরোনো সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর Facebook Ads Manager-এ ‘Page Likes’ পারফরম্যান্স গোল দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে দেখানো হচ্ছে ‘Maximize number of Facebook Page visits’ নামের নতুন পারফরম্যান্স গোল।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে ‘Page Likes’ সুবিধা বন্ধের কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে, নাকি ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু হচ্ছে কিংবা কারিগরি ত্রুটির কারণে এমনটি দেখা যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপনদাতাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিপণনকর্মী জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘Page Likes’ অপশনটি আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো সচল রয়েছে।

ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

নতুন পদ্ধতিতে কী পরিবর্তন হচ্ছে?

ফেসবুক Ads Manager-এ নতুন বিজ্ঞাপন তৈরির সময় আগে পেজের লাইক বাড়ানোর জন্য যে পারফরম্যান্স গোল নির্বাচন করা যেত, তার পরিবর্তে অনেক অ্যাকাউন্টে এখন পেজ ভিজিট বাড়ানোর অপশন দেখা যাচ্ছে।

অর্থাৎ, বিজ্ঞাপনটি সরাসরি পেজে লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীকে ফেসবুক পেজে ভিজিট করাতে কাজ করবে। এরপর পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারীরা নিজেরাই পেজটি অনুসরণ বা লাইক করতে পারবেন।

একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রোফাইল ভিজিট বাড়ানোর গোল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

ডিজিটাল বিপণনকর্মীদের জন্য করণীয়

মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও এই পরিবর্তন ডিজিটাল বিপণনকর্মীদের বিজ্ঞাপন কৌশলে প্রভাব ফেলতে পারে।

পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর পুরোনো কৌশলের পাশাপাশি মানসম্মত কনটেন্ট তৈরি, পোস্টে এনগেজমেন্ট বাড়ানো এবং সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে।

এ ছাড়া পেজের পোস্টে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে ব্যবহারকারীদের পেজটি অনুসরণ করার জন্য আমন্ত্রণ পাঠানো যেতে পারে। ব্যবসার উদ্দেশ্য অনুযায়ী লিড সংগ্রহ বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর লক্ষ্যমাত্রাও ব্যবহার করা যেতে পারে।

Social Icons