GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান / তথ্যপ্রযুক্তি / ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ব্যস্ত জীবনে কাপড় ধোয়ার কাজ সহজ করতে ওয়াশিং মেশিনের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এক ঘণ্টা ওয়াশিং মেশিন চালালে কতটা বিদ্যুৎ খরচ হয় এবং এতে বিদ্যুৎ বিলের ওপর কতটা প্রভাব পড়ে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ মূলত মেশিনের ক্ষমতা, মডেল এবং কোন পদ্ধতিতে কাপড় ধোয়া হচ্ছে তার ওপর নির্ভর করে। সাধারণত মেশিনের মোটর ও অন্যান্য অংশ তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করে। তবে পানি গরম করার জন্য হিটার চালু থাকলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

এক ঘণ্টায় কতটা বিদ্যুৎ খরচ হয়?

ধরা যাক, একটি ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ ৫০০ ওয়াট এবং সেটি একটানা এক ঘণ্টা একই হারে চলছে। ৫০০ ওয়াট সমান ০.৫ কিলোওয়াট। ফলে এক ঘণ্টায় মেশিনটি প্রায় ০.৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে।

আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা হলে এক ঘণ্টায় খরচ হবে প্রায় ৪ টাকা। আর প্রতি ইউনিটের দাম ১০ টাকা হলে খরচ দাঁড়াবে আনুমানিক ৫ টাকা

প্রতিটি ওয়াশে এতটা বিদ্যুৎ খরচ হয় না

মেশিন এক ঘণ্টা চালানো হয়েছে মানেই সেটি পুরো এক ঘণ্টা একই হারে বিদ্যুৎ ব্যবহার করেছে, এমন নয়। একটি ওয়াশ সাইকেলের বিভিন্ন পর্যায়ে মোটর ও অন্যান্য অংশ ভিন্ন সময়ে কাজ করে।

বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, একটি ওয়াশ সাইকেলে সাধারণত ০.৩ থেকে ১.৫ কিলোওয়াট-ঘণ্টা পর্যন্ত শক্তি প্রয়োজন হতে পারে। তাই শুধু মেশিন কতক্ষণ চলেছে, তার ভিত্তিতে বিদ্যুতের সঠিক খরচ নির্ধারণ করা যায় না।

যে কারণে বাড়তে পারে বিদ্যুৎ খরচ

ওয়াশিং মেশিনে পানি গরম করার হিটার থাকলে এবং গরম পানিতে কাপড় ধোয়ার অপশন ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। কিছু সংস্থার দাবি, ওয়াশিং মেশিনের মোট বিদ্যুৎ ব্যবহারে হিটারের বড় ভূমিকা রয়েছে।

তাই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাপড়ের প্রয়োজন অনুযায়ী সঠিক ওয়াশিং মোড বেছে নেওয়া, অকারণে মেশিন খালি চালানো এড়িয়ে চলা এবং শক্তি সাশ্রয়ী মোড ব্যবহার করা যেতে পারে।

বিদ্যুৎ সাশ্রয়ের কিছু উপায়

মোট বিদ্যুৎ ব্যবহারের মধ্যে ওয়াশিং মেশিনের অংশ সাধারণত প্রায় ১০ শতাংশ। তারপরও কয়েকটি অভ্যাসের মাধ্যমে এর বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যেতে পারে। প্রয়োজন না হলে গরম পানি ব্যবহার এড়িয়ে সম্ভব হলে ঠান্ডা পানিতে কাপড় ধোয়া যেতে পারে।

এ ছাড়া অপ্রয়োজনে একাধিক ওয়াশ সাইকেল চালানো এড়িয়ে চলা, মেশিন সম্পূর্ণ ভর্তি হওয়ার পর চালানো এবং কাপড় ধোয়া হয়ে গেলে মেশিন বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Social Icons