GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / ঢাকা জেলা ও মহানগর আদালত উত্তর-দক্ষিণে ভাগের উদ্যোগ, আইনি নোটিশ

ঢাকা জেলা ও মহানগর আদালত উত্তর-দক্ষিণে ভাগের উদ্যোগ, আইনি নোটিশ

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার উদ্যোগ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নেওয়ার জন্য আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান

নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালত ভাগের প্রয়োজনীয়তা তুলে ধরে নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, এর ফলে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে।

নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Social Icons