GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করলে কঠোর শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করলে কঠোর শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ করার উদ্যোগ নেওয়া হলে কঠোর শুল্ক আরোপ এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য সীমিত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে কানাডার ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। এর মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। গত সপ্তাহে তিনি ব্রাসেলসের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের চেষ্টা করছেন বলে জানিয়েছিলেন।

গতকাল স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডার জন্য ‘দরজা উন্মুক্ত করার’ বিষয়ে কাজ করার কথা জানান। এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কানাডার সঙ্গে ইইউর আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইইউ এমন উদ্যোগ নিলে এবং তিনি সেটিকে বৈরী পদক্ষেপ হিসেবে মনে করলে খুব কঠোর শুল্ক আরোপ করবেন অথবা ইউরোপের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাণিজ্য বন্ধ করে দিতে পারেন

ট্রাম্প আরও বলেন, ইইউ যদি ‘খারাপ উদ্দেশ্যে’ এমন উদ্যোগ নেয়, তাহলে ইউরোপের ওপর ‘খুব ভারী শুল্ক’ আরোপ করা হবে। তবে উদ্দেশ্য ভালো হলে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে বলেও জানান তিনি।

কানাডার ইইউর সহযোগী সদস্য হওয়ার সম্ভাবনাকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আজ ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির। তিনি ইউরোপীয় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।

সূত্র: বিবিসি

Social Icons