GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / রাজধানীর বাসাবোতে সৎ ভাই ও তার স্ত্রীর ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর বাসাবোতে সৎ ভাই ও তার স্ত্রীর ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর সবুজবাগের বাসাবোতে পারিবারিক কলহের জেরে সৎ ভাই ও তার স্ত্রীর ধাক্কায় গুরুতর আহত হয়ে আফরোজা আইরিন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে

নিহত আফরোজা সবুজবাগের বাসাবো আহমেদবাগ এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী বেলাল হোসেনের সঙ্গে থাকতেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার এখলাছপুর গ্রামের আনোয়ার উল্লাহর মেয়ে

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসাবোর বাসায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফরোজা আইরিনের সঙ্গে তার সৎ ভাই বাবু ও তার স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বাবু ও ফাতেমা আফরোজাকে জোরালো ধাক্কা দিলে তিনি ইটের ওপর পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের দুলাভাই মো. আফজাল জানান, আফরোজা পারিবারিক জীবনে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বেলাল হোসেনকে বিয়ে করেন। দুই সংসারেই তার একটি করে পুত্রসন্তান রয়েছে।

সাত ভাই-বোনের মধ্যে আফরোজা ছিলেন সবার ছোট। তাদের মধ্যে পাঁচ ভাই ও দুই বোন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Social Icons