ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালকও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাঁদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যেভাবে দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশে পাকা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
