‘সামনে পরীক্ষা, প্রস্তুতি ভালো হয়নি’ এবং ‘স্বপ্নটা পূরণ করতে পারলাম না’—এমন দুশ্চিন্তার কথা উল্লেখ করে পিতা-মাতার উদ্দেশে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফার বোন মাহমুদা খানম বলেন, শরিফা মেধাবী ছাত্রী ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তাঁর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে জানান মাহমুদা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নিয়ে উদ্বেগের কথা উল্লেখ ছিল।
শিক্ষক ও সহপাঠীদের কাছে সক্রিয় ছিলেন শরিফা
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রিন্স আহমেদ বলেন, শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিলেন। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদের আয়োজনে তিনি ভালো বিতর্ক করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন। তাঁর এমন মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেন তিনি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।
চিরকুটে যা লিখেছিলেন শরিফা
চিরকুটে শরিফা তাঁর বাবা-মায়ের উদ্দেশে পরীক্ষার প্রস্তুতি ও নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা লিখেছেন। সেখানে তিনি জানান, ২৮ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হলেও ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সব বিষয়ের পুরো সিলেবাস শেষ করতে পারেননি। এমন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে ভালো ফলের সম্ভাবনা নেই বলেও তিনি লিখেছেন।
বাবার উদ্দেশে লেখা অংশে নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন শরিফা। মায়ের উদ্দেশে তিনি বাবা-মায়ের শাসন ও সহযোগিতার কথা উল্লেখ করে ভালোবাসার কথাও লিখেছেন।
