বৃষ্টিতে ভিজে ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকে গেলে তাড়াহুড়া করে চার্জার লাগানো বিপজ্জনক হতে পারে। পোর্টে পানি থাকলে শর্ট সার্কিট, চার্জিং পোর্টের ক্ষতি বা ফোনের অভ্যন্তরীণ সার্কিটে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন পরিস্থিতিতে কয়েকটি সতর্কতা মেনে চলা জরুরি।
১. সঙ্গে সঙ্গে চার্জার খুলে ফেলুন
ফোনে চার্জার লাগানো থাকলে দ্রুত সেটি খুলে ফেলুন। ফোন ভিজে গেলে সম্ভব হলে ফোনটিও বন্ধ করে দিন। ভেজা অবস্থায় ফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
২. চার্জিং পোর্ট নিচের দিকে রাখুন
ফোনটি এমনভাবে ধরে রাখুন যাতে চার্জিং পোর্ট নিচের দিকে থাকে। খুব হালকা করে হাতে টোকা দেওয়া যেতে পারে, যাতে আটকে থাকা পানি বেরিয়ে আসে। তবে ফোন জোরে ঝাঁকানো উচিত নয়।
৩. স্বাভাবিকভাবে শুকাতে দিন
ফোনটি শুকনা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। প্রয়োজনে ফ্যানের সামনে হালকা বাতাসে রাখা যেতে পারে।
তবে হেয়ার ড্রায়ার, হিটার বা অতিরিক্ত গরম বাতাস ব্যবহার করবেন না। অতিরিক্ত তাপে ফোনের ভেতরের বিভিন্ন উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে।
৪. চার্জিং পোর্টে কিছু ঢোকাবেন না
পোর্টের পানি শুকানোর জন্য পিন, তুলো বা কোনো ধারালো বস্তু ঢোকাবেন না। এতে ভেতরের কন্ট্যাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া পানি শোষণের জন্য চাল বা কোনো পাউডার ব্যবহার করাও ঠিক নয়।
৫. পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন
চার্জিং পোর্ট পুরোপুরি শুকিয়েছে নিশ্চিত না হওয়া পর্যন্ত চার্জার লাগানো উচিত নয়। অনেক ফোনে আর্দ্রতা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে সতর্কবার্তা দেখায়। এমন সতর্কবার্তা এলে সেটি উপেক্ষা না করাই ভালো।
চা-কফি বা নোনতা পানি ঢুকলেও সতর্ক থাকুন
শুধু বৃষ্টির পানি নয়, চা, কফি, কোমল পানীয় বা নোনতা পানি ফোনের পোর্টে ঢুকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এসব তরল শুকিয়ে গেলেও অবশিষ্ট পদার্থ ফোনের ক্ষতি করতে পারে।
ফোন শুকানোর পরও যদি চার্জ না হয়, অথবা বারবার আর্দ্রতার সতর্কবার্তা দেখা যায়, তাহলে নিজে মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোনটি দেখানো নিরাপদ।

