মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন বলে জানিয়েছে সামা টিভি।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ছুটি কাটাতে ট্রাম্প ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী তার সেখানে আরও একদিন থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি ওয়াশিংটনে ফিরে আসেন। কেন তিনি আগেভাগে ফিরে এসেছেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
ট্রাম্পের ফেরার আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইরান-সমর্থিত হুথিরা সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এ ছাড়া সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও আগুন লাগার খবর পাওয়া যায়।
মার্কিন নাগরিকদের সতর্কতা
এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং দেশটির কয়েকটি দূতাবাস।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে ভ্রমণের বিষয়টি গুরুতরভাবে পুনর্বিবেচনা করার পরামর্শও দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।





