GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই অভিযোগে জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

যাঁরা বহিষ্কার

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার এবং সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজন

এ ছাড়া ছাত্রনেতা কাব্য সাহাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাহিয়ানকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ

অন্য এক বিজ্ঞপ্তিতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর সাংগঠনিক ব্যবস্থা

এর আগে রোববার সকালে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় এ ঘটনা ঘটে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাস ও সংগঠনে বিশৃঙ্খলা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়া হবে।

Social Icons