প্রতিবন্ধী ছেলের পেনশন দাবিতে হাইকোর্টের রুল
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মারা যাওয়ার পর তার প্রতিবন্ধী ছেলেকে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাবার পেনশন চেয়ে আবেদন
মামলার বিবরণ অনুযায়ী, ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলে গুদাম রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসরে যাওয়ার পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন।
তার স্ত্রী এর আগেই মারা যান। চলতি বছরের ৪ মার্চ হাবিবুর রহমানও মারা যান। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে যান।
তার একমাত্র ছেলে আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী হওয়ায় তার বোনেরা তাকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন।
আবেদন নামঞ্জুরের পর হাইকোর্টে রিট
বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা নিজের অনুকূলে পেতে গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন শাওন।
তবে গত ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান তার আবেদনটি নামঞ্জুর করেন।
এরপর ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন শাওন।
সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। তাকে সহযোগিতা করেন মো. খাদেমুল ইসলাম।
