২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার অঙ্গীকার
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসংখ্যার চাপকে শক্তি হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ কুষ্ঠের মতো সংক্রামক রোগের ঝুঁকিতে থাকলেও দেশের বৃহৎ জনসংখ্যাই দেশের শক্তি।
নানা সীমাবদ্ধতা ও জনসংখ্যার চাপের মধ্যেও চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।
কুষ্ঠ নির্মূলে সহযোগিতার প্রশংসা
কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি কুষ্ঠ নির্মূলে এনজিও অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতেও এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আরও সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, প্রফেসর ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এবং ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আফসানা আলমগীর খান, ডা. আয়া ইয়াজিমা ও ডা. ভিভেক লাল।

