GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / চাকরির ইন্টারভিউয়ে নজর কাড়তে জেনে নিন ১০ কৌশল

চাকরির ইন্টারভিউয়ে নজর কাড়তে জেনে নিন ১০ কৌশল

চাকরির ইন্টারভিউয়ে নজর কাড়তে জেনে নিন ১০ কৌশল

প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে চাকরির বাজার। নতুন প্রযুক্তি, কাজের ধরন ও প্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে বদলে যাচ্ছে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতাও। ফলে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই চাকরির বাজারে নিজেকে তুলে ধরা যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষতা, আত্মবিশ্বাস, যোগাযোগের সক্ষমতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা

চাকরিপ্রার্থীদের এসব যোগ্যতা নিয়োগকর্তার সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ হলো চাকরির সাক্ষাৎকার। তাই সাক্ষাৎকারে যাওয়ার আগে কিছু বিষয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

প্রতিষ্ঠান সম্পর্কে জানুন

সাক্ষাৎকারের আগে যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন, সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতিষ্ঠানের কার্যক্রম, কাজের ধরন, কাঠামো এবং যে পদের জন্য আবেদন করেছেন তার দায়িত্ব সম্পর্কে ধারণা থাকা জরুরি।

নতুন কিছু শেখার আগ্রহ দেখান

কর্মক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারে এমনভাবে নিজের কথা তুলে ধরুন, যাতে আপনার নতুন কিছু শেখা ও নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ প্রকাশ পায়।

শুধু উত্তর নয়, প্রশ্নও করুন

সাক্ষাৎকারে নিয়োগকর্তার প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রার্থীও প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। যেমন, পদটির দায়িত্ব কী, টিম কীভাবে কাজ করে এবং ভবিষ্যতে শেখার সুযোগ কেমন।

আচরণে আত্মবিশ্বাস রাখুন

কথাবার্তার পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজও গুরুত্বপূর্ণ। সোজা হয়ে বসা, স্পষ্টভাবে কথা বলা এবং স্বাভাবিক চোখের যোগাযোগ আত্মবিশ্বাস প্রকাশে সহায়ক। অতিরিক্ত উদ্বেগ যেন আচরণে প্রকাশ না পায়, সেদিকেও খেয়াল রাখা উচিত।

নিজের দক্ষতা সংক্ষেপে তুলে ধরুন

নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার দীর্ঘ বর্ণনা না দিয়ে যে পদের জন্য আবেদন করেছেন, তার সঙ্গে সম্পর্কিত দক্ষতা ও অভিজ্ঞতাগুলো সংক্ষেপে তুলে ধরুন।

কাজের প্রতি আগ্রহ দেখান

শুধু চাকরিটি প্রয়োজন, এমন মনোভাবের পরিবর্তে কাজটি সম্পর্কে আপনার আগ্রহ ও শেখার ইচ্ছা তুলে ধরুন। এতে নিয়োগকর্তা আপনার কর্মমানসিকতা সম্পর্কে ধারণা পেতে পারেন।

পোশাকে থাকুক পেশাদারিত্ব

সাক্ষাৎকারে যাওয়ার সময় পোশাক পরিপাটি ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সাধারণত পেশাদার পোশাক উপযুক্ত বলে বিবেচিত হয়।

উত্তর জানা না থাকলে ঘাবড়াবেন না

সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে পারে যার উত্তর আপনার জানা নেই। ভুল তথ্য দেওয়ার বদলে বিনয়ের সঙ্গে বিষয়টি জানা নেই বলে জানাতে পারেন। প্রয়োজন হলে উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিয়ে ভাবুন।

প্রশ্নকর্তার কথা মনোযোগ দিয়ে শুনুন

সাক্ষাৎকারের সময় প্রশ্নকর্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে প্রয়োজনে আবার জানতে পারেন। এতে প্রশ্নটি সঠিকভাবে বুঝে উত্তর দেওয়ার সুযোগ তৈরি হবে।

তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন

সাক্ষাৎকারের সময় শান্ত ও ধীরস্থির থাকা গুরুত্বপূর্ণ। চাকরিটি প্রয়োজন হলেও অতিরিক্ত উদ্বেগ বা মরিয়া মনোভাব প্রকাশ না করে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সাক্ষাৎকারের শেষ মুহূর্তও গুরুত্বপূর্ণ

সাক্ষাৎকার শেষে নিয়োগকর্তা যদি জানতে চান আপনার কোনো প্রশ্ন আছে কি না, তখন আগে থেকে ভেবে রাখা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। সাক্ষাৎকার শেষ করে বের হওয়ার সময়ও পেশাদার আচরণ বজায় রাখা উচিত।

চাকরির সাক্ষাৎকার শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বিষয় নয়। একজন প্রার্থী কীভাবে নিজেকে উপস্থাপন করেন, তার আত্মবিশ্বাস, শেখার আগ্রহ, যোগাযোগের সক্ষমতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Social Icons