দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
যেসব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া এসব পরিস্থিতিতে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৪ ঘণ্টায় আরও যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা প্রশমিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।









