GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / নতুন বেতন স্কেলে পে ফিক্সেশন নিয়ে অর্থ বিভাগের নির্দেশনা

নতুন বেতন স্কেলে পে ফিক্সেশন নিয়ে অর্থ বিভাগের নির্দেশনা

নতুন বেতন স্কেলে পে ফিক্সেশন নিয়ে অর্থ বিভাগের নির্দেশনা

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন এবার অনলাইনেই করা হবে। এ জন্য ব্যবহার করা হবে আইবাস++ প্ল্যাটফর্ম।

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারীদের আইবাস++-এর নির্ধারিত অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য জমা দেওয়ার আগে সিস্টেমে নতুন মূল বেতনের নির্ধারিত পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

গেজেটেড কর্মকর্তাদের পে ফিক্সেশন করতে আইবাস++-এ নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। অন্যদিকে নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

সিস্টেমে প্রবেশের পর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আইবাস++-এ নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা থাকবে।

যেসব কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের প্রথমে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় পে ফিক্সেশনের কাজ সম্পন্ন করা যাবে।

পে ফিক্সেশনের তথ্য জমা দেওয়ার পর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাঠানো হবে। এরপর দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)-এর কাছে পাঠানো হবে।

গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ডিডিও বেতন নির্ধারণের বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহি অনুযায়ী আগের চাকরি ও বেতনের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ আছে কি না, তা নিশ্চিত করবেন ডিডিও।

এরপর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দেবে। অনুমোদনের পর আইবাস++ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি করবে। এ ক্ষেত্রে হিসাবরক্ষণ কর্মকর্তার ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না।

তবে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও সেখানে স্বাক্ষর করতে হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একই নিয়মে দ্রুত বেতন নির্ধারণ এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি অনলাইনে নেওয়া হয়েছে। তবে পে ফিক্সেশনের সময় তথ্য দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে হবে। ভুল তথ্য দেওয়া হলে পরবর্তী যাচাইয়ের সময় তা সংশোধনের প্রয়োজন হতে পারে।

এর আগে ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর ৩২ নম্বর অনুচ্ছেদেও অনলাইনে বেতন নির্ধারণের বিধান রাখা হয়েছে।

Social Icons