GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / আদালত / গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় তিশার বাবাসহ ১৫ জন ৩ দিনের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় তিশার বাবাসহ ১৫ জন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে খন্দকার মুশতাক আহমেদের শ্বশুর এবং অসম বয়সী বিয়ে নিয়ে দেশজুড়ে আলোচিত সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলামও রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামিদের বিরুদ্ধে এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন ১৫ আসামিকে আদালতে হাজির করে ঘটনার মূল রহস্য উদঘাটন ও অর্থ জোগানদাতাদের শনাক্ত করতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সূত্র জানায়, আসামিদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা-কর্মী হিসেবে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. ইদ্রিসুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মো. ইসমাইল সিরাজী, বাড্ডা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মামুন এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য মো. মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর সকালে গুলশান এলাকায় নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সত্তার ব্যানারে নেতাকর্মীরা সমবেত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর আক্রমণ চালায়।

পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল আলামত হিসেবে উদ্ধার করে।

উক্ত নাশকতার ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

Social Icons