জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক শীর্ষ স্থানীয় দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ প্রাতরাশ বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই প্রাতরাশ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বিশ্বখ্যাত বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফরসূচিতে মানবিক সংকট মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করেছে।
প্রাতরাশ বৈঠকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষার সার্বিক উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে নতুন যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রাতরাশ বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট কেন্দ্রিক ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের একটি বিশেষ সাইড ইভেন্টে যোগ দেন।
এছাড়া পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক পৃথক এক উচ্চপর্যায়ের সম্মেলনেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তাঁর ঐতিহাসিক ভাষণ দেওয়ার সূচি রয়েছে।
