GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / যাত্রাবাড়ীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

যাত্রাবাড়ীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহের জেরে মানছুরা আক্তার মিনারা (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ যাত্রাবাড়ীর মাতোইল কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মানছুরা আক্তার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. মনির হোসেনের মেয়ে; পাঁচ বছর আগে বিয়ে হওয়া মানছুরার আড়াই বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মানছুরার স্বামী একটি কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন এবং দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দম্পতির মধ্যে ক্রমাগত অশান্তি চলছিল।

বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় প্রচণ্ড বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়; ঝগড়ার একপর্যায়ে স্বজনেরা তাদের শান্ত করলে স্বামী বাসা থেকে বের হয়ে যান।

পরবর্তীতে সকাল আনুমানিক ১০টার দিকে মানছুরা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের চালের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মানছুরার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

ঘটনার নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Social Icons