GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ২০২৮ থেকে এসআরবির বিশেষ ভাতা কার্যকর, কোন পদে কত পাবেন

২০২৮ থেকে এসআরবির বিশেষ ভাতা কার্যকর, কোন পদে কত পাবেন

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এই ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ সংক্রান্ত গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। গত ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

পদভেদে বিশেষ ভাতা কত

গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন।

উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬০০ টাকা।

সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা।

সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে মাসিক ১০ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে।

নিম্ন ও মধ্যম পর্যায়ের পদে ভাতা

সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২০০ টাকা।

ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হবে।

নায়েক পদে মাসিক ৩ হাজার ৮৮০ টাকা, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল পদে ৩ হাজার ৯৬০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে মাসিক বিশেষ ভাতার পরিমাণ ৩ হাজার ৮৪০ টাকা।

এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

কবে থেকে নতুন হারে ভাতা কার্যকর

গেজেটে বলা হয়েছে, নতুন হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরতরা অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী বিশেষ ভাতা পাবেন।

প্রেষণে থাকা কর্মীদের জন্য নির্দেশনা

গেজেটে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

Social Icons