কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ, নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতিসহ (ব্লু ইকোনমি) নানাবিধ উদীয়মান খাতে বাংলাদেশের সার্বিক সমৃদ্ধিতে চীনের দীর্ঘদিনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মকে সময়োপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনা প্রযুক্তিনির্ভর উন্নয়ন মডেল ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ ও চীনের সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
তিনি জানান, দেশের বর্তমান ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক সুবিধা পুরোপুরি কাজে লাগাতে তরুণদের যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই; আর সেই লক্ষ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের কাজ চলছে, যেখানে চীনের ‘শিল্প-শিক্ষা সংযোগ’ কৌশল অনুসরণ করা হচ্ছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক ভেহিকল (ইভি), রোবটিক্স এবং সমুদ্রভিত্তিক অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতে সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে ‘ক্রস-বর্ডার এডুকেশন’ চালুর উদ্যোগের কথা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিধারায় তরুণ সমাজই মূল চালিকাশক্তি এবং বাংলাদেশের শিক্ষা ও সার্বিক উন্নয়ন অভিযাত্রায় চীনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে দেশীয় শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানের করার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।
