ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে আবারও ‘সম্ভাব্য বিপদ’ সংক্রান্ত জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে মক্কার পাশাপাশি তাইফ, জেদ্দা, তাবুক এবং লোহিত সাগরের উপকূলীয় শিল্প নগরী ইয়ানবুতে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এই লাল সতর্কতা জারি করা হয়।
জরুরি সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে ভবনের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়ে সব ধরণের কাচ ও জানালা থেকে দূরে থাকার এবং খোলা জায়গা, বারান্দা বা ছাদ সম্পূর্ণ এড়িয়ে চলার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নাগরিক নিরাপত্তা সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই ইয়ানবু ও তাইফ অভিমুখে হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলতা ও দক্ষতার সাথে আকাশে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, বেসামরিক এলাকা লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের পরিকল্পিত হামলার চেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে এবং তাদের সীমান্ত পারের এই ধারাবাহিক উস্কানি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মক্কায় সমমানের একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল, যেখানে মক্কার দক্ষিণাঞ্চলে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করার পর রিয়াদ দাবি করে ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালানো হয়েছিল।
তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কা বা ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলার এই অভিযোগ নিয়মিতভাবেই অস্বীকার করে আসছে।


