GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা, জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তি-নির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে জনআস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো পুলিশ সদস্য শৃঙ্খলাভঙ্গ, অপেশাদারিত্ব কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলে তাকে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার পাশাপাশি দেশের প্রচলিত ফৌজদারি আইনে কঠোর বিচারের মুখোমুখি হতে হবে।

বিগত সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, বিগত দিনে পুলিশকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, তবে বর্তমান সরকার গত সাত মাসে আইনি, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে পুলিশের হারিয়ে যাওয়া ভাবমূর্তি উদ্ধার ও জনআস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না; তাই পুলিশকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন তারা দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের একান্ত নির্ভরতার প্রতীক হয়ে ওঠে।

আইনি সংস্কার ও আধুনিকায়নের তথ্য তুলে ধরে মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে র‍্যাবসহ (বর্তমানে এসআরবি) বিভিন্ন সংস্থার সংস্কার নিশ্চিত করা হয়েছে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরও শক্তিশালী ও আধুনিকায়ন করতে প্রয়োজনীয় তদন্তের ক্ষমতাসহ নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ ও কৃতিত্বপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যের হাতে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বিপিএম-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ ও ‘পিপিএম-সেবা’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন; এছাড়া পুলিশ সদরদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Social Icons