GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / শান্তিপূর্ণ পারমাণবিক শক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

শান্তিপূর্ণ পারমাণবিক শক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগ এবং এ সংক্রান্ত খাতগুলোতে পারস্পরিক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে বেসামরিক পারমাণবিক ক্ষেত্রে নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিতকরণ, সেফগার্ডস রক্ষা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বৈশ্বিক নীতি ও সর্বোচ্চ মান কঠোরভাবে অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এর পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সুরক্ষায় পরমাণু শক্তির কৌশলগত ভূমিকার বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকল বাস্তবায়নকারী এবং পারমাণবিক নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি)-র অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র।

পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ক্ষেত্রে দুই রাষ্ট্রের মধ্যকার এই সহযোগিতার সূচনা ঘটেছিল ১৯৮১ সালে; নতুন সমঝোতাটিকে সেই ঐতিহাসিক ভিত্তির একটি ধারাবাহিক অগ্রগতি হিসেবে বর্ণনা করা হয়েছে।

দেশের ক্রমবর্ধমান ও দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা মেটাতে সরবরাহের উৎসে বৈচিত্র্য আনার ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবেই ওয়াশিংটনের সাথে ঢাকার এই চুক্তি সম্পন্ন হলো। এর পূর্বে চলতি বছরের মে মাসে সার্বিক জ্বালানি নিরাপত্তা খাত নিয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হলেও, নতুন এই চুক্তির মূল ক্ষেত্র মূলত বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও প্রযুক্তিগত সহায়তার পরিধি বৃদ্ধি করা।

Social Icons