সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট দেড় শতাধিক যাত্রী নিয়ে ইসরায়েলের তেল আবিব যাওয়ার পথে আকাশে হঠাৎ ‘ছিনতাই’ সংক্রান্ত বিপদের ইঙ্গিত দেয়। উড্ডয়নরত অবস্থাতেই উড়োজাহাজটি অস্বাভাবিক ও দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে এবং পরবর্তীতে সেটির পথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, এই আকস্মিক ঘটনার পর আকাশসীমায় নিরাপত্তা জোরদার করতে ইসরায়েলি বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান তাৎক্ষণিকভাবে পাঠানো হয়। তবে পরবর্তীতে ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে। প্রাথমিক পর্যালোচনায় ওয়াইনেট উল্লেখ করেছে, এটি সম্ভবত কোনো নিরাপত্তা হুমকি বা ছিনতাইয়ের সরাসরি ঘটনা ছিল না।
অন্যদিকে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানায়, সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কার খবর ছড়ানোর পরপরই ওই দূরপাল্লার ফ্লাইটের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ছিনতাইয়ের বিষয় নিশ্চিত না হওয়া গেলেও ফ্লাইটের পাইলট বিপদসংকেত হিসেবে ‘ডিস্ট্রেস সিগন্যাল’ সচল করেছিলেন।
এমন অস্বাভাবিক ও রহস্যজনক পরিস্থিতি তৈরি হওয়ার পরপরই সার্বিক নিরাপত্তা পর্যালোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক জরুরি বৈঠক আহ্বান করেন।
