আসন্ন শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) বিশেষ অ্যাপস ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অ্যাপসটি ব্যবহারের উদ্দেশ্যে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মনিটরিং জোরদার করা হচ্ছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দেশে বিরাজমান ধর্মীয় সৌহার্দ্যের কারণে এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩,৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১,৫০০টি বেশি।
পূজায় ছুটি বৃদ্ধি ও অনুদান বরাদ্দ
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পূর্বেকার অন্তর্বর্তী সরকার পূজার ছুটি দুই দিন করেছিল। এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটি আরও একদিন বাড়িয়ে মোট তিন দিন নির্ধারণ করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশবাসী কার্যত পাঁচ দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।
এছাড়া প্রধানমন্ত্রী প্রতি বছর পূজামণ্ডপগুলোতে প্রদানকৃত মোট অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করেছেন বলে জানান তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার
পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহারের পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার বিশেষ মনিটরিং টিম সক্রিয় থাকবে।
প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় সত্যতা যাচাই (ভেরিফিকেশন) শেষে পরিচয়পত্র প্রদান করা হবে। মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ দমন
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, অপরাধী, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে এবং কোনো ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাটিকাটা এলাকায় জমি দখলের চেষ্টা চালানো হলে ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকালে সংঘাতের বিষয়ে তিনি জানান, প্রথমিক তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যোগাযোগে ঘাটতি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সমাজের শান্তি রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
উক্ত আইনশৃঙ্খলা সমন্বয় সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
