GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বিয়ের ২৩ দিনের মাথায় ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার

বিয়ের ২৩ দিনের মাথায় ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার লাকি (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে সারুলিয়া বকুলতলা এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার লাকি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার লক্ষ্মণ তালুকদারের মেয়ে। তিনি পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, লাকির পূর্বে রেজাউল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তাঁদের ১০ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন লাকি। পরবর্তীতে তিনি প্রথম স্বামীর বন্ধু আশরাফুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ডেমরার সারুলিয়া বকুলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, মঙ্গলবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে কোনো একসময়ে পারিবারিক কলহের জের ধরে বাসার বারান্দার একটি ছোট কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে লাকি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, গৃহবধূর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Social Icons