GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / যে কারণে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

যে কারণে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ভাঙচুর ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে গেছে সরকার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী সরঞ্জাম নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ৩টি আধা পাকা ও পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে যে, এ ঘটনায় মূল অভিযুক্তরা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা, যারা স্থানীয়ভাবে এমপি ফেরদৌসী আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

হামলা ও লুটপাটের ঘটনা প্রকাশ্যে আসার পরই কঠোর পদক্ষেপ নেয় দল ও সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকেও প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে আসা এই কেন্দ্রটিকে আবার দ্রুত ব্যবহার উপযোগী করতে বর্তমানে জোরকদমে সংস্কারকাজ চালানো হচ্ছে।

Social Icons