বিশ্ব অর্থনীতির ক্ষমতার মূল ভারসাম্য এখন ধীরে ধীরে পশ্চিমাদের হাত থেকে সরে এশিয়ার দিকে চলে আসছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক ডিজঅর্ডার: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক এশীয় অর্থনীতির চিত্র তুলে ধরে অধ্যাপক রেহমান সোবহান বলেন, দীর্ঘ সময় পর বিশ্বজুড়ে নতুন এক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উত্থান দেখা যাচ্ছে, যার মূল কেন্দ্রবিন্দু এশিয়া। বর্তমানে বিশ্বের ১২০টি প্রধান বাণিজ্যভিত্তিক দেশের মধ্যে অন্তত ৭০টির প্রধান বাণিজ্য অংশীদার চীন। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উন্নয়ন এবং উন্নয়নশীল বিশ্বে সরকারি মূলধন স্থানান্তরের ক্ষেত্রেও শীর্ষ স্থান দখল করে নিয়েছে এশিয়ার দেশগুলো।
তিনি স্পষ্ট করে জানান, এশিয়ার এই ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে বাধার মুখে ফেলতে উন্নত দেশগুলো অন্যায্য শুল্কারোপ, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও বাজার নিয়ন্ত্রণের মতো যেসব কৌশল প্রয়োগ করছে, তা দীর্ঘমেয়াদে একেবারেই টেকসই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর এই ধরনের অশুভ হস্তক্ষেপে নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা বা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে।
বাণিজ্যের এমন পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় সম্পর্কে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, বিশ্ব বাণিজ্য কাঠামোর অর্থনৈতিক বিশৃঙ্খলা ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতিকেও প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহের মূল্যশৃঙ্খলে (ভ্যালু চেইন) নিজেদের অবস্থান শক্ত করা এবং প্রতিবেশী চীন ও ভারতের মতো বড় এশীয় অর্থনীতির বিশাল বাণিজ্যিক সুযোগগুলোকে বুদ্ধিদীপ্ত উপায়ে কাজে লাগানোই এখন বাংলাদেশের প্রধানতম লক্ষ্য হওয়া উচিত।

