GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / ঘুম পাড়াতে দুবাইয়ের হোটেলে নানা আয়োজন

ঘুম পাড়াতে দুবাইয়ের হোটেলে নানা আয়োজন

ছুটিতে গিয়ে সাধারণত নতুন নতুন জায়গা ঘুরে দেখা, অ্যাডভেঞ্চার কিংবা বিনোদনই পর্যটকদের প্রধান আকর্ষণ হলেও সেই চিরচেনা চিত্রে এখন বড় ধরনের পরিবর্তন আসছে। ভ্রমণের ব্যস্ততার বদলে এখন অনেকেই খুঁজছেন নিরিবিলি পরিবেশ ও নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ। পর্যটকদের এই ক্রমবর্ধমান চাহিদার ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক পর্যটন খাতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘স্লিপ ট্যুরিজম’ বা ঘুমকেন্দ্রিক পর্যটন।

পর্যটকদের মানসম্মত ও দীর্ঘস্থায়ী ঘুম নিশ্চিত করতে বিশ্বের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টগুলোও এখন চালু করছে নানা বিশেষ আয়োজন। এতে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের বালিশ বেছে নেওয়ার সুবিধাসংবলিত ‘পিলো মেনু’, কৃত্রিম আলো ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সাউন্ড হিলিং, এমনকি ঘুমপাড়ানি বিশেষ মিউজিক থেরাপি।

ইপসসের বৈশ্বিক জরিপের ভিত্তিতে তৈরি হিলটনের ২০২৫ সালের ‘ট্রাভেল ট্রেন্ডস রিপোর্ট’ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রায় ৪২ শতাংশ পর্যটক জানিয়েছেন, তাঁরা কেবল মানসিক ও শারীরিক সতেজতা এবং বিশ্রামের উদ্দেশ্যেই ভ্রমণে বের হন। আর শতকরা ৫৭ ভাগ পর্যটক এমন হোটেলকে প্রাধান্য দিচ্ছেন, যেখানে ঘুমের মান উন্নত করার জন্য বিশেষ প্রযুক্তিগত সুবিধা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক নানা সংকট এবং প্রযুক্তিঘন জীবনে অবিরাম নেতিবাচক খবরের মধ্যে মানসিক উদ্বেগে ভুগছেন অধিকাংশ মানুষ। অতিরিক্ত সংযুক্তির এই যুগে মানুষ এখন শরীর ও মনকে চরম ব্যস্ততা থেকে মুক্ত করতে এবং নিজের আয়ু বাড়াতে ‘বিলাসপণ্য’ হিসেবে ঘুমকে বেছে নিচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট—যেমন ‘এসআইআরও ওয়ান জায়েদেল’, ‘ফোর সিজনস রিসোর্ট’ ও ‘সেন্টারা মিরাজ বিচ রিসোর্ট’ বৈজ্ঞানিক গবেষণা মেনে তৈরি করছে বিশেষ ঘুমবান্ধব কক্ষ। মানবদেহের স্বাভাবিক ‘সার্কাডিয়ান রিদম’ বা ঘুম-জাগরণ চক্র ঠিক রাখতে এসব কক্ষে ব্যবহার করা হচ্ছে বিশেষ ম্যাট্রেস, শতভাগ আলো প্রতিরোধক পর্দা, ব্ল্যাকআউট লাইটিং ও সাউন্ডপ্রুফ প্রযুক্তি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলোতে পর্যটন শিল্পে ভালো ঘুম কেবল এককালীন কোনো বিলাসিতা নয়, বরং মূল স্বাস্থ্যসেবা ও ওয়েলনেসের ভিত্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

Social Icons