GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ৬০ লাখ রুপি দেওয়ার পর ভারতে এসে স্বামীর আসল পরিচয় জানলেন থাই নারী

৬০ লাখ রুপি দেওয়ার পর ভারতে এসে স্বামীর আসল পরিচয় জানলেন থাই নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম। এরপর বিয়ে। কিন্তু ভারতে স্বামীর বাড়িতে এসে থাই এক নারী জানতে পারেন, তার স্বামী আগে থেকেই বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। কানপুরের ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক নির্যাতন ও ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অভিযোগকারী নারীর নাম আপসর্ন। থাইল্যান্ডে তিনি একটি রেস্তোরাঁ ও ক্যান্টিন পরিচালনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কানপুরের চামড়া ব্যবসায়ী ইরফানের সঙ্গে তার পরিচয় হয়। পরে অনলাইনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আপসর্নের দাবি, ইরফান নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে তিনি থাইল্যান্ডে গিয়ে আপসর্নের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে তার আস্থা অর্জন করে প্রায় দুই বছর আগে থাইল্যান্ডেই তাকে বিয়ে করেন বলে অভিযোগ।

স্বামীকে প্রায় ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ

বিয়ের পর ইরফান ব্যবসা ও ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে আপসর্নের কাছে অর্থ চাইতে শুরু করেন বলে অভিযোগ। আপসর্নের দাবি, নিজের ব্যবসার আয় এবং আত্মীয়দের কাছ থেকে ধার করা অর্থ দিয়ে ধাপে ধাপে তিনি স্বামীকে প্রায় ৬০ লাখ রুপি দেন।

তবে অর্থ নেওয়ার পর ইরফান তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে ভারতে ফিরে আসেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

কয়েক মাস স্বামীর সঙ্গে যোগাযোগ না পেয়ে শেষ পর্যন্ত ভারতে আসেন আপসর্ন। গত ৬ অক্টোবর কানপুরে ইরফানের বাড়িতে পৌঁছে তিনি জানতে পারেন, স্বামী তাকে নিজের বৈবাহিক অবস্থার বিষয়ে সত্য তথ্য দেননি।

আপসর্নের অভিযোগ, ইরফানের আগে থেকেই প্রায় ১২ বছরের দাম্পত্য সম্পর্ক রয়েছে। সেই সংসারে তার তিন সন্তানও রয়েছে।

টাকা ফেরত চাইতেই নির্যাতনের অভিযোগ

নিজের দেওয়া অর্থ ফেরত চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন আপসর্ন। তার দাবি, ইরফান তাকে শারীরিকভাবে নির্যাতন করেন।

এ ছাড়া তার সঙ্গে থাকতে এবং টাকা ফেরত পেতে হলে ইসলাম ধর্ম গ্রহণ ও বোরকা পরার শর্ত দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

পরে পুলিশের কাছে অভিযোগ করেন ওই থাই নারী। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পূর্ব) শিবা সিংয়ের কাছে তিনি পুরো ঘটনা তুলে ধরেন।

পুলিশ জানিয়েছে, আপসর্নের অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে এবং ইরফানকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তদন্তকারীরা বিয়ের নথিপত্র, প্রায় ৬০ লাখ রুপি লেনদেনের তথ্য এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছেন। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

Social Icons