GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ সাবেক আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ সাবেক আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে

আর্জেন্টিনার সাবেক ফুটবলার আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে ব্রাজিলের ফুটবলারদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির একটি বড় ধরনের প্রতারণা চক্র পরিচালনার অভিযোগ উঠেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মানকুসো একসময় পালমেইরাস ও ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলেছেন। এছাড়া দিয়েগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, বর্তমান ও সাবেক ফুটবলারদের মাত্র ১০ দিনের মধ্যে আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এটিএফএ) বিভিন্ন স্তরের কোচিং লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হতো। এর মধ্যে ‘সি’, ‘বি’, ‘এ’ এবং সর্বোচ্চ পর্যায়ের ‘প্রো’ লাইসেন্সও ছিল। পুরো প্যাকেজের জন্য দাবি করা হতো প্রায় ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল।

এই ঘটনায় ভুক্তভোগী হিসেবে থিয়াগো সিলভা ও ফেলিপে মেলোর মতো পরিচিত ফুটবলারদের নামও এসেছে।

থিয়াগো সিলভার প্রতিনিধি জানিয়েছেন, মানকুসোর প্রস্তাবিত কোর্সের জন্য অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ক্লাস বা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়নি। পরে এটিএফএর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ফেলিপে মেলোও একইভাবে অর্থ দিয়েছিলেন। তবে কোনো ক্লাসের সময়সূচি না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটিএফএর সদস্য হওয়ার বিষয়ে দেওয়া পোস্ট মুছে ফেলেন এবং টাকা ফেরত চান। শেষ পর্যন্ত তিনি অর্থ ফেরত পেয়েছেন বলে জানান।

অনুসন্ধানী প্রতিবেদনে লুইস গুস্তাভো, দিয়েগো লুগানো, পাওলো গুয়েরেরো, রবার্তো কার্লোস, অ্যালেক্স দে সুজা, দেজান পেটকোভিচ ও পাউলিনহোর মতো আরও কয়েকজন ফুটবলারের নাম উঠে এসেছে।

তবে অভিযোগ ওঠার পর এটিএফএ জানিয়েছে, এই চক্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, যেসব সনদ দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়া।

মানকুসোও অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ব্রাজিলিয়ানরা কোচিং লাইসেন্স পাওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করতেন বলে তিনি শুধু তাদের সংশ্লিষ্ট ফেডারেশনের যোগাযোগের তথ্য দিতেন। তিনি বলেন, তিনি ওই ফেডারেশনের সদস্য নন এবং এর কোনো অংশও নন।

Social Icons