ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুরসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
শ্রমিকদের বিক্ষোভের কারণে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন রাখা হবে।









