GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ইরানকে রক্ষায় নতুন ফ্রন্ট খুলতে পারে হিজবুল্লাহ, তিন মাস ধরে প্রস্তুতি

ইরানকে রক্ষায় নতুন ফ্রন্ট খুলতে পারে হিজবুল্লাহ, তিন মাস ধরে প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধফ্রন্ট তৈরি হতে পারে। ইরানের শাসনব্যবস্থা অস্তিত্বের সংকটে পড়লে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে জড়াতে পারে বলে জানা গেছে। এ সম্ভাবনা সামনে রেখে অন্তত তিন মাস ধরে সামরিক প্রস্তুতি নিচ্ছে গোষ্ঠীটি। এ জন্য ইরানের কাছ থেকে অর্থও পেয়েছে তারা বলে দাবি করেছে লেবাননের নিরাপত্তা সূত্র।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামরিক সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়ে পড়লেও ইরানের শাসনব্যবস্থার টিকে থাকা হুমকির মুখে পড়লে হিজবুল্লাহ সংঘাতে অংশ নিতে পারে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর বিবেচনায় একটি ‘রেড লাইন’ অতিক্রম করা হয়েছে। খামেনির মৃত্যুর পর গোষ্ঠীটি কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, সে বিষয়েও তাদের প্রতিনিধিরা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

তিন মাস ধরে সামরিক প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ

গত মাসে ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনো হিজবুল্লাহর যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। সেখানে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ করছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় অন্তত তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। এ প্রস্তুতির জন্য ইরানের কাছ থেকে অর্থ পেয়েছে গোষ্ঠীটি।

সূত্রগুলোর দাবি, সামরিক সক্ষমতা বাড়াতে ইরান থেকে কয়েক কোটি ডলার পেয়েছে হিজবুল্লাহ। এর বাইরে রয়টার্সের আগের এক প্রতিবেদনে উল্লেখ করা প্রায় ২০ কোটি ডলারের অর্থও রয়েছে।

ড্রোন তৈরি ও কমান্ডব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিস্ফোরক সংগ্রহ, ড্রোন তৈরি এবং নিজেদের কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে হিজবুল্লাহ।

তবে এসব ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটির গণমাধ্যম দপ্তর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহর অর্থায়ন বন্ধে ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ইরানের শাসনব্যবস্থা হুমকির মুখে পড়লে গোষ্ঠীটির সম্ভাব্য ভূমিকা নিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Social Icons