GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি! বিশাল কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড

ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি! বিশাল কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড

যুক্তরাজ্যের এক কৃষক বিশাল আকৃতির কুমড়া ফলিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হ্যাম্পশায়ারের বাসিন্দা ইয়ান প্যাটনের ফলানো কুমড়াটির ওজন ১ হাজার ২৯৫ দশমিক ৮ কেজি। এর মাধ্যমে নিজের আগের রেকর্ড ভেঙেছেন তিনি।

‘গ্রেট পাম্পকিন কমনওয়েলথ’ (জিপিসি) কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

কুমড়ার নাম রাখা হয়েছে বাঘিরা

জিপিসির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর ইয়ান প্যাটনের ফলানো কুমড়াটির ওজন মাপা হয়। এর ওজন দাঁড়ায় ১ হাজার ২৯৫ দশমিক ৮ কেজি। জনপ্রিয় উপন্যাস দ্য জঙ্গল বুক-এর চিতাবাঘ চরিত্র বাঘিরার নাম অনুসারে কুমড়াটির নাম রাখা হয়েছে ‘বাঘিরা’।

এই কুমড়া ফলিয়ে ইয়ান নিজের আগের ভারী কুমড়ার রেকর্ড ভেঙেছেন। তাঁর আগের রেকর্ড গড়া কুমড়াটির ওজন নতুনটির তুলনায় প্রায় ২০ কেজি কম ছিল।

তবে পরিধির দিক থেকে ইয়ানের আগের কুমড়াটিই রেকর্ড ধরে রেখেছে। সেটির পরিধি ছিল ৬৪৯ দশমিক ৮ সেন্টিমিটার। নতুন কুমড়াটির পরিধি ৫৯৬ দশমিক ৯ সেন্টিমিটার।

প্রতিদিন ছয় ঘণ্টা পরিশ্রম

বিশাল কুমড়া ফলানোর অভিজ্ঞতা জানাতে গিয়ে ইয়ান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, এ জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রায় দুই মাস ধরে প্রতিদিন ছয় ঘণ্টা করে জমিতে কাজ করেছেন তিনি।

বিশাল আকৃতির কুমড়া চাষে আগ্রহীদের জন্য ইয়ানের পরামর্শ, গ্রিনহাউসের ভেতরে চাষ করলে মৌসুমের শুরুতেই বাড়তি সুবিধা পাওয়া যায়। এতে কুমড়ার পূর্ণাঙ্গ আকার ধারণের জন্য দীর্ঘ সময় পাওয়া সম্ভব হয়।

গরমে প্রতিদিন ৫৯০ লিটার পানি

ইয়ান জানান, তীব্র গরমের সময় তাঁর গ্রিনহাউসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। তখন কুমড়ার গাছগুলোতে প্রতিদিন প্রায় ৫৯০ লিটার পানি দিতে হতো।

এত পরিশ্রমের পরও আরও বড় কুমড়া ফলানোর স্বপ্ন দেখছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইয়ান বলেন, তিনি চাষ চালিয়ে যেতে চান। তাঁর লক্ষ্য, একদিন ৩ হাজার পাউন্ড ওজনের একটি কুমড়া ফলানো।

Social Icons