চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে নিজের রেস্তোরাঁর সেরা কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছেন এক নারী উদ্যোক্তা। কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া এই উপহারগুলোর মধ্যে রয়েছে এমন এক কর্মীর গাড়িও, যিনি প্রচণ্ড শীতেও ইলেকট্রিক স্কুটারে চড়ে কাজে আসতেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদন অনুযায়ী, মা ইয়ানলি নামের ওই উদ্যোক্তা চীনের হেনান প্রদেশে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন। কর্মীদের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দিতে তিনি তাদের নতুন গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রতিটি গাড়ির দাম ছিল ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ টাকারও বেশি। কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই গাড়িগুলোর সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন মা ইয়ানলি।
উপহার পেয়ে অবাক কর্মীরা
গাড়ি উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। এমন উপহার পেয়ে অবাক হয়ে যান তিনি। লি জানান, গাড়ির শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি তাদের বলেছিলেন, তারা একটি ‘বড় খেলনা’ পেতে যাচ্ছেন।
শোরুমে পৌঁছানোর পর লি জিয়ের নামে একটি নতুন সাদা গাড়ি নিবন্ধন করা হয়। অপ্রত্যাশিত এই উপহার তাঁর কাছে ছিল এক আনন্দময় বিস্ময়।
শীতের কষ্ট দেখে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত
লি জিয়েকে গাড়ি উপহার দেওয়ার ভাবনাটি গত শীতকালে আসে মা ইয়ানলির মাথায়। আট বছর ধরে রেস্তোরাঁয় কাজ করা এই কর্মীকে একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ইলেকট্রিক স্কুটারে করে কাজে আসতে দেখেন তিনি।
হিমেল বাতাসে লি জিয়ের মুখ লাল হয়ে গিয়েছিল, কান হয়েছিল বেগুনি রঙের। ঠান্ডায় তাঁর হাতও প্রায় জমে যাওয়ার মতো অবস্থায় ছিল।
কর্মীর এমন কষ্ট দেখে মা ইয়ানলি ভাবতে শুরু করেন, তিনি নিজে যখন আরামে গাড়িতে যাতায়াত করতে পারেন, তখন তাঁর কর্মীদের কেন প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হবে? এই উপলব্ধি থেকেই কর্মীদের গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
চীনে কর্মীদের পুরস্কার দেওয়ার নজির
চীনে কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে বড় অঙ্কের বোনাস ও দামি উপহার দেওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে।
এর আগে ২০২৫ সালে চীনের হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির চেয়ারম্যান সুই পেইজুন চীনা নববর্ষ উপলক্ষে কর্মীদের মধ্যে মোট ১৮ কোটি ইউয়ান বোনাস বিতরণ করেন।
কর্মীদের অবদানকে মূল্যায়ন এবং তাঁদের প্রতি দায়িত্ববোধ প্রকাশের এমন উদ্যোগ দেশটিতে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।








