অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যমান দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। নতুন এই সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত দরটিই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) বৃদ্ধি পাওয়ায় গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানো হয়েছিল।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপট ও জনস্বার্থ বিবেচনায় নতুন মাসে তেলের দাম আর না বাড়িয়ে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



