কয়েকটি ক্লিকেই এখন অনলাইনে ওষুধ কেনা যায়। তবে সুবিধার পাশাপাশি রয়েছে নিরাপত্তার ঝুঁকিও। তাই অনলাইনে ওষুধ কেনার আগে এর উপাদান, উৎস, ব্যাচ নম্বর, মেয়াদ ও সংরক্ষণব্যবস্থা যাচাই করা জরুরি।
বিশেষ করে প্রেসক্রিপশন আপলোড করে বাসায় ওষুধ নেওয়ার ক্ষেত্রে শুধু দাম বা দ্রুত ডেলিভারির দিকে নজর না দিয়ে সঠিক ওষুধ ও নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা প্রয়োজন।
১. কীভাবে অর্ডার করছেন, তা বুঝে নিন
অনলাইনে সাধারণত প্রেসক্রিপশন ছাড়াই ওভার-দ্য-কাউন্টার ওষুধ কেনা যায়। আবার নির্দিষ্ট ওষুধ সার্চ করে প্রেসক্রিপশন আপলোড করেও অর্ডার করা যায়।
প্রেসক্রিপশন আপলোড করলে কার্টে থাকা ওষুধের সঙ্গে প্রেসক্রিপশনের তথ্য মিলিয়ে দেখা উচিত। হাতে লেখা প্রেসক্রিপশন থেকে ওষুধ অর্ডার করলে ডিজিটাল কার্টের সঙ্গে মূল প্রেসক্রিপশন মিলিয়ে নেওয়া জরুরি।
হাতের লেখা অস্পষ্ট হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ নিশ্চিত করা উচিত। প্রেসক্রিপশন যাচাইয়ের পর ওষুধের নাম, মাত্রা বা শক্তিতে কোনো পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
২. শুধু ছাড় দেখে ওষুধ কিনবেন না
কম দাম বা বড় ছাড় দেখেই কোনো ওষুধ কেনা উচিত নয়। আবার বেশি ছাড় থাকলেই ওষুধ অনিরাপদ, এমনটিও নয়।
ওষুধ কেনার আগে প্রেসক্রিপশনের সঙ্গে এর উপাদান, শক্তি ও ফর্মুলেশন মিলিয়ে নিতে হবে। পাশাপাশি ওষুধটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি কি না এবং অনুমোদিত প্রস্তুতকারক বা পরিবেশকের কাছ থেকে এসেছে কি না, তা যাচাই করা জরুরি।
৩. ওষুধ কীভাবে সংরক্ষণ ও পরিবহণ করা হয়েছে দেখুন
কিছু ওষুধ তাপমাত্রা, আলো বা আর্দ্রতার প্রতি সংবেদনশীল। ভুলভাবে সংরক্ষণ বা পরিবহণ করা হলে মেয়াদ শেষ হওয়ার আগেই ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।
তাই অর্ডার দেওয়ার আগে ওষুধের জন্য বিশেষ সংরক্ষণব্যবস্থা প্রয়োজন কি না, তা জানা উচিত। তাপমাত্রা-সংবেদনশীল ওষুধ হলে পরিবহণের সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা হয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
৪. ওষুধের উৎস যাচাই করুন
ওষুধের প্যাকেটে থাকা বারকোড বা কিউআর কোড গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ে সহায়তা করতে পারে।
কোড স্ক্যান করে ওষুধের নাম, প্রস্তুতকারক, ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ এবং ওষুধের উৎস সম্পর্কে তথ্য পাওয়া যায় কি না, তা দেখে নেওয়া উচিত।
শুধু প্যাকেট দেখতে আসল মনে হচ্ছে বলেই ওষুধটি আসল ধরে নেওয়া ঠিক নয়।
৫. হাতে পাওয়ার পর সবকিছু মিলিয়ে নিন
ওষুধ হাতে পাওয়ার পর প্রেসক্রিপশন ও ইনভয়েসের সঙ্গে সেটি মিলিয়ে নিতে হবে।
ওষুধের স্ট্রিপের ব্যাচ নম্বর ইনভয়েসের সঙ্গে মেলে কি না, মেয়াদ শেষ হয়েছে কি না এবং স্ট্রিপে থাকা সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি ইনভয়েসের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা জরুরি।
এ ছাড়া ওষুধের সক্রিয় উপাদান, শক্তি ও ফর্মুলেশন প্রেসক্রাইব করা ওষুধের সঙ্গে মেলে কি না, সেটিও দেখতে হবে। কোনো বিকল্প ব্র্যান্ড দেওয়া হলে চিকিৎসক বা ফার্মাসিস্টের অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন।
সবশেষে মনে রাখুন
অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে শুধু কম দাম বা দ্রুত ডেলিভারি নয়, সঠিক ওষুধ, সঠিক উৎস এবং সঠিক সংরক্ষণব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





