GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারেন সেই সিফাত

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারেন সেই সিফাত

ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০২১-২০২২।

নোটিশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্য ফেসবুক পেজে ভাইরাল হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ বলেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী, স্বনামধন্য ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোকে শিক্ষার্থীদের দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

নোটিশে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভনীয়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং অপরাধ হিসেবে গণ্য। এ ঘটনায় কলেজের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিব্রত হয়েছেন।

নোটিশে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮ উল্লেখ করা হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনায় কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় মো. আব্দুল্লাহ সিফাতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন তাকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তার যথাযথ কারণ আগামী তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Social Icons