আই দিয়ে তৈরি ভুয়া ইনফ্লুয়েন্সার ঠেকাতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। নতুন নিয়ম অনুযায়ী, এআই দিয়ে তৈরি মানুষের চরিত্রকে কেন্দ্র করে পরিচালিত অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ লেবেল দিতে হবে। এই লেবেল ব্যবহার না করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পোস্টের রিচ বা দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ সীমিত করা হতে পারে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, কোনো নির্মাতার মনে হলে ভুলভাবে তার অ্যাকাউন্টের রিচ কমানো হয়েছে, তাহলে ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ থেকে আপিল করার সুযোগ থাকবে।
এর আগে নিয়মিত এআই কনটেন্ট প্রকাশ করা প্রোফাইলের জন্য ‘এআই ক্রিয়েটর’ নামে একটি ঐচ্ছিক লেবেল ব্যবহারের সুযোগ ছিল। এখন সেটির পরিবর্তে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ লেবেল চালু করা হচ্ছে।
ইনস্টাগ্রামের বর্ণনা অনুযায়ী, যেসব প্রোফাইলে এআই দিয়ে তৈরি কোনো ব্যক্তি বা চরিত্রকে দেখানো হয়, মূলত সেসব অ্যাকাউন্টেই নতুন লেবেল ব্যবহার করা হবে।
এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে বাস্তব মানুষের মতো দেখতে ভুয়া এআই ইনফ্লুয়েন্সারের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে এমন এআই-নির্ভর ইনফ্লুয়েন্সারের সন্ধান পাওয়া গেছে, যারা অ্যাপ ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করছে। এমনকি নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া এআই চরিত্রেরও সন্ধান পাওয়া গেছে।
ইনস্টাগ্রামের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীরা এমন কিছু প্রোফাইল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, যেগুলো দেখে প্রথমে বাস্তব মানুষ মনে হলেও পরে জানা যায়, ওই ব্যক্তি এআই দিয়ে তৈরি।
তবে নতুন নিয়মটি সব ধরনের এআই কনটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত যেসব অ্যাকাউন্টে এআই দিয়ে তৈরি মানুষ বা চরিত্রই কেন্দ্রীয় বিষয়, সেসব প্রোফাইলে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: এনগ্যাজেট
