GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / ভূমি অফিসের হাজিরায় নতুন ব্যবস্থা, আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসের হাজিরায় নতুন ব্যবস্থা, আসছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি, কর্মঘণ্টার যথাযথ ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ (জিওফেন্সিং অ্যাটেনডেন্স সিস্টেম অ্যাপ্লিকেশন) নামে মোবাইল অ্যাপ চালু করছে ভূমি মন্ত্রণালয়।

আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

জিওফেন্সিং প্রযুক্তিতে হাজিরা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপে জিওফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জিপিএসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট অফিসে অবস্থান করছেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

অফিস প্রাঙ্গণের নির্ধারিত ভার্চুয়াল সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপে হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।

অ্যাপটিতে লাইভ ড্যাশবোর্ড রাখা হয়েছে। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির তথ্য দেখতে পারবেন। কেউ ভুয়া লোকেশন ব্যবহার বা নির্ধারিত সীমানা লঙ্ঘনের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় সতর্কবার্তা যাবে।

এছাড়া ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে দাপ্তরিক কাজের তথ্য রেকর্ড এবং ছুটির আবেদন পাঠানোর সুবিধাও থাকবে।

৬ জেলায় পাইলটিং

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং শুরু হয়েছে। এতে ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী যুক্ত হয়েছেন।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশজুড়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি কার্যকর করা হবে। প্রকল্পটির কারিগরি সহযোগিতায় রয়েছে প্যারালাক্সলজিক ইনফোটেক

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ মে ‘ভূমি সেবা মেলায়’ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর অ্যাপ চালুর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

Social Icons