Home / দেশ / ময়মনসিংহ / উদ্ধারে যাওয়া ট্রেনটিও লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

উদ্ধারে যাওয়া ট্রেনটিও লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

train

ময়মনসিংহে একটি লাইনচ্যুত ট্রেন উদ্ধারের সময় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ ও ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

পরবর্তীতে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। কিন্তু সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের সামনে কৃষ্টপুর এলাকায় পৌঁছালে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সামনের ৯টি বগি নিয়ে ট্রেনটি স্টেশনে পৌঁছে যায়। পরে পেছনে আটকে থাকা অংশ উদ্ধারে উদ্ধারকারী ট্রেন পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

Social Icons