GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / দেশ / চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পদ্মার শাখা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর পর স্বজনদের আহাজারি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়েশিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।

তাদের মধ্যে চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮) রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন।

এ সময় শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে।

কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

নিহত দুই শিশু সুমাইয়া ও সুরাইয়া ছিল খাতিজার সন্তান।

তাদের বাবা নিজামুল হক রাজমিস্ত্রির কাজের জন্য বিদেশে অবস্থান করছেন।

দুই মেয়ের মৃত্যুর খবর পেলেও জানাজায় অংশ নিতে দেশে ফিরতে পারেননি তিনি।

স্বামীকে কীভাবে সান্ত্বনা দেবেন, তা বুঝতে পারছেন না খাতিজা।

একমাত্র জীবিত সন্তান হুমাইরাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

খাতিজা বলেন, ‘হুমাইরা এখন আমার একমাত্র সন্তান। পেটের দায়ে তার বাবা বিদেশে। আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব? আমার বড় দুই সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল।’

নিহত শিশুদের আত্মীয় তৌহিদ আলম বলেন, তারা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ জানতে পারেনি। পরে পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।

দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ গ ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ জানান, পদ্মার শাখা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নৌ পুলিশ নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তারা সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

Tagged:

Social Icons