GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণ আগের সরকারের আমদানি নির্ভর নীতি: জোনায়েদ সাকি

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণ আগের সরকারের আমদানি নির্ভর নীতি: জোনায়েদ সাকি

কুমিল্লা টাউন হলে গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, বর্তমান সরকারের কারণে জ্বালানি সংকট তৈরি হয়নি। আগের সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ী এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিও জ্বালানি সংকটকে আরও জটিল করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তৈরি হওয়া চ্যালেঞ্জের কারণে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য জ্বালানি মজুত তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভোলায় আবিষ্কৃত গ্যাসসহ দেশের নিজস্ব গ্যাসের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে মধ্যমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর ফলে বাংলাদেশকে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে একদিকে সরকারের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহও পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, দীর্ঘ গণঅভ্যুত্থানের পর হাজারো শহীদের আত্মত্যাগ এবং আহত মানুষের প্রতি সরকারের দায় রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক উপায়ে দেশের উন্নয়নকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমাতে বিকল্প একটি মহাসড়ক নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

মনিরুল হক চৌধুরীর মতে, প্রস্তাবিত বিকল্প মহাসড়কটি নির্মাণ করা হলে কুমিল্লার উত্তরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষি ও শিল্প খাতের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tagged:

Social Icons