GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ‘চুরির’ গরু দিয়ে ছেলের বৌভাতের আয়োজন, বরের বাবা গ্রেপ্তার

‘চুরির’ গরু দিয়ে ছেলের বৌভাতের আয়োজন, বরের বাবা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া গরুর মাংস দিয়ে ছেলের বৌভাতের ভোজের আয়োজন করার অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করার পাশাপাশি পুরো বিয়ের উৎসব ভণ্ডুল হয়ে গেছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে সম্পন্ন হওয়ার পর শনিবার বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।

একই সময়ে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। গরু চুরির পর পায়ের ছাপ ধরে খুঁজতে খুঁজতে শহিদুল ও তাঁর ভাতিজা আনারুল বরের বাবা রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, বৌভাতের জন্য জবাই করা গরুটিই তাঁদের চুরি হওয়া গরু।

এ নিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বরের ভাই রাব্বি ধারালো অস্ত্র দিয়ে চোরের সন্ধান পাওয়া আনারুলের মাথায় কোপ মেরে গুরুতর জখম করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বর সোহান ও তাঁর ভাই রাব্বি বাড়ি থেকে পালিয়ে গেলেও বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, ঘটনাস্থল থেকে চোরকৃত গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Social Icons