ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওয়াই ক্যাম্পাসের আবাসিক কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম সাহিল ওয়াকোড়ে। তিনি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরীক্ষার সময় চ্যাটজিপিটিতে প্রশ্নপত্রের ছবি আপলোড
আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় উত্তর খুঁজতে সাহিল মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রশ্নপত্রের ছবি আপলোড করেছিলেন।
তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগের প্রধান তার সঙ্গে কথা বলেন, তাকে পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন যে এ ঘটনায় তার শিক্ষাজীবনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।
আলোচনার পর সাহিল তার আবাসিক কক্ষে ফিরে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর শিক্ষার্থীদের বিক্ষোভ
সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আইআইটি পাওয়াই ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠানটি পুরো তথ্য প্রকাশ করেনি।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এমন শাস্তি হলে তাকে আবাসিক হল ছাড়তে হতো এবং ক্যাম্পাসের বাইরে থাকতে হতো বলেও তারা দাবি করেন।
তাদের আরও দাবি, এমন শাস্তি হলে সাহিলের চার বছরের প্রকৌশল কোর্স পাঁচ বছর বা তারও বেশি সময় পর্যন্ত দীর্ঘায়িত হতে পারত।
তবে আইআইটি কর্তৃপক্ষের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, সাহিলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাকে আশ্বস্ত করা হয়েছিল যে ঘটনায় তার শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়বে না।
তদন্ত করছে কর্তৃপক্ষ
আইআইটি বোম্বে এক বিবৃতিতে সাহিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তার বন্ধু, সহপাঠী, শিক্ষকসহ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর কারণ ও ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দত্তাত্রেয় নালাওয়াড়ে জানান, ঘটনাটি তদন্তাধীন। শিক্ষার্থীর মৃত্যুর পর কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
আইআইটি বোম্বের পাওয়াই ক্যাম্পাসে গত ছয় মাসে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি









